৭ দিন গ্যাস বন্ধ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৮ পিএম
৭ দিন গ্যাস বন্ধ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি, সংগৃহিত

রায়েরবাগ-শনিরআখড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ নেমেছেন। ফলে মহাসড়কের দুই পাশজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

আজ (১ ফেব্রুয়ারি) দুপুর পৌন ১টার দিকে রায়েরবাগ-শনিরআখড়া সড়ক অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। বিক্ষোভকারীরা জানান, গত সাত দিন ধরে তাদের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়রা জানায়, ৭ দিন গ্যাস না থাকায় রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

বিক্ষোভকারীরা বলেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন। অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষ, পণ্যবাহী যান এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে