কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধ ৬টি প্রকল্পের কাজ ঝিমে তালে চলছে। যদিও এসব প্রকল্প বর্তমান অর্থ বছরের ৩০শে জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু বাস্তবে বেশ কয়েকটি প্রকল্পের কাজ এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এর মধ্যে বাজিতপুর উপজেলার শাহপুর গনি মিয়ার নদী রক্ষা বাঁধ, উত্তম ট্রেডার্সের আছানপুর নদীর এপাড়ের এবং আছানপুর চট্টগ্রাম এসএম ট্রেডার্সের নদী প্রকল্পের কাজ ৪০ ভাগ হয়েছে বলে আছানপুর গ্রামবাসীর ধারনা। অন্যদিকে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর ৫নং ও ৬নং চ্যানেলের কাজ করুন অবস্থায় পড়ে রয়েছে। এসব ঠিকাদারদের কোনো মাথা ব্যাথা নেই বলে এলাকাবাসীর অভিযোগ। এছাড়া একই উপজেলার সিংপুর ইউনিয়নের নদীর ওপাড়ের দুটি প্রকল্পের কাজ ৫৫ ভাগ শেষ হলেও শত ভাগ কাজ জুনের মধ্যে শেষ করতে পারবে কিনা এ নিয়ে নদীর পাড়ের অসহায় মানুষদের অভিযোগ। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, এসব প্রকল্পের কাজগুলো সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও ঠিকাদাররা এদিকে কোনো নজর না দিয়ে তারা কিশোরগঞ্জ থেকে শুরু করে ঢাকা পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত ধন্যা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন এ প্রতিনিধিকে বলেন, নদী রক্ষা বাঁধ প্রকল্পের গুণগত মান না দেখে তারা কোনো বিল ভাউচারে সই করবেন না বলে উল্লেখ করেন। তিনি বলেন, শুধু আমরা নই বুয়েটের টাক্স ফোর্স যদি রিপোর্ট ভালো না হয় তাহলে বিলের কোনো প্রশ্নই উঠে না।