দুর্নীতি ও ঘুষের অভিযোগে ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩০ পিএম
দুর্নীতি ও ঘুষের অভিযোগে ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদক জানায়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর গাবতলী পশুর হাটের ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস এবং ফুটপাতে দোকান বরাদ্দসংক্রান্ত অনিয়ম।

আবেদনে উল্লেখ করা হয়, এসব বিষয়ে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও মোহাম্মদ এজাজ দুদক কার্যালয়ে উপস্থিত হননি। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ বিধি অনুযায়ী বক্তব্য গ্রহণের উদ্যোগ নেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি।

দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য রয়েছে। এমন পরিস্থিতিতে তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাঁর বিদেশ গমন রহিত করা জরুরি হয়ে পড়ে।

দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেনও জানান, অনুসন্ধানের স্বার্থে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে