প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের সম্মানী ভাতা সময়মতো না পাওয়ায় যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তা কাটতে শুরু করেছে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (০২ ফেব্রুয়ারি) এর মধ্যেই সব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন।
প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের ভাতা ব্যাংক হিসাবে জমা দেওয়ার নিয়ম রয়েছে। সে অনুযায়ী জানুয়ারি মাসের ভাতা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জমা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে টাকা জমা না হওয়ায় এবং এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেক সুবিধাভোগীর মধ্যে উদ্বেগ তৈরি হয়।
রোববার (০১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও ভাতার টাকা জমা না পড়ায় সেই দুশ্চিন্তা আরও বেড়ে যায়। অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার ব্যাংক ও স্থানীয় সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলেও স্পষ্ট কোনো তথ্য পাননি।
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ দাদাভাই নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সাধারণত মাসের শেষ বৃহস্পতিবারই ভাতার টাকা ব্যাংকে আসে। ১ ফেব্রুয়ারি হয়ে গেলেও টাকা না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এ বিষয়ে উপজেলা কমান্ডার কিংবা ব্যাংক থেকেও তখন নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সচিব ইশরাত চৌধুরী জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। এতে সাময়িকভাবে সুবিধাভোগীরা জটিলতায় পড়েন। তিনি বলেন, “ইতোমধ্যেই ত্রুটি সংশোধন করা হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) এর মধ্যেই সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন বলে আমরা আশা করছি।”
মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়। এ কারণে সামান্য প্রযুক্তিগত সমস্যাও কখনো কখনো পুরো প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে।