সিলেটে উইমেন চেম্বারের পিঠা উৎসব

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫০ পিএম | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫০ পিএম
সিলেটে উইমেন চেম্বারের পিঠা উৎসব

সিলেটের ঐতিহ্যবাহী পিঠাশিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। তিনি বলেন, এ ধরনের আয়োজন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি আমাদের সংস্কৃতিকেও সমৃদ্ধ করে। শনিবার নগরীর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দিনব্যাপী ‘পিঠা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী উদ্যোক্তাদের উৎপাদিত ঐতিহ্যবাহী খাবারের প্রসার ও সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে এবং উপস্থাপক ও সংবাদ পাঠক জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা, পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, উপপুলিশ কমিশনার (ডিসি-সদর) সুদীপ্ত রায়, ডিসি সাইফুল ইসলাম এবং পুনাকের সাধারণ সম্পাদক সায়মা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি দক্ষিণের ডিসি রিয়াজুল কবির, এডিসি আকলিমা আক্তার, সিটিএসবি’র ডিসি আফজাল রশিদ এবং যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ও ইউকে বাংলাদেশ ডেভেলাপমেন্টের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, সাইমা সুলতানা চৌধুরী, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার, তাহমিনা হাসান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। মেলার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লিপি চৌধুরী এবং গীতা পাঠ করেন বিশ্বজিৎ চক্রবর্তী সুমন। জাতীয় সংগীত পরিবেশন করেন অমিত ত্রিবেদী। মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী ও মুখরোচক পিঠার পসরা সাজানো হয়। শীতের আমেজে আনন্দঘন পরিবেশে দর্শনার্থীরা সপরিবারে মেলা উপভোগ করেন। অনুষ্ঠানের শেষে পিঠা উৎসব সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।

আপনার জেলার সংবাদ পড়তে