সোনার দাম নিয়ে বছরের শুরু থেকেই চরম অস্থিরতা বিরাজ করছে । বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় বজায় রাখতে গিয়ে দেশের বাজারে ইদানীং ১২ ঘণ্টাও টিকছে না নতুন দাম। রাতে এক দাম নির্ধারণের পর আবার দিনের প্রথম ভাগেই দাম পরিবর্তন করে ফেলছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)।
আজ (২ ফেব্রুয়ারি) ব্যতিক্রম ঘটেনি । গতকাল রাতে ভরি প্রতি ১ হাজার ৯২৫ টাকা কমানোর পর এদিন সকাল সাড়ে ১০ টার দিকে আবারও পরিবর্তন করা হয়েছে সোনার দাম। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।
এবার দাম এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা ঠিক করেছে বাজুস।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।