দেশ থেকে পরিবারতন্ত্র বিদায় করতে হবে: আজহারুল ইসলাম

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৩ পিএম
দেশ থেকে পরিবারতন্ত্র বিদায় করতে হবে: আজহারুল ইসলাম

দেশ থেকে পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। এই পারিবারিক শাসন দিয়ে এদেশের জনগণের কোনো কল্যাণ হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই। অভাব থাকলে গত ১৬ বছরে ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। একটি গরিব দেশে এত টাকা থাকতে পারে না। আমাদের দেশ দরিদ্র নয়; আমাদের আসল অভাব হলো যোগ্য ও সৎ নেতৃত্বের। গত ৫৪ বছর ধরে দুর্নীতিপরায়ণ নেতৃত্ব দেশ শাসন করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকার ব্যাংকগুলো লুটপাট করেছে, যার ফলে আজ অনেক অফিসের কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনী প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি আমরা দেশসেবার সুযোগ পাই, তবে প্রথমেই দুর্নীতি বন্ধ করব। ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ হলেই দেশের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা নিজেরা দুর্নীতি করি না এবং অন্য কাউকেও তা করতে দেব না। অন্যান্য দলের সমালোচনার জবাবে তিনি বলেন,অনেকে অভিজ্ঞতার দোহাই দেন। আমি বলব হ্যাঁ, আমাদের দুর্নীতির অভিজ্ঞতা নেই, কিন্তু দেশ চালানোর যোগ্যতা ও সততা অবশ্যই আছে। সাবেক মন্ত্রীদের সততার উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন। পরবর্তী সময়ে প্রায় সব রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলেও আমাদের মন্ত্রীদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। আমরা সেই সৎ ও যোগ্য নেতাদেরই উত্তরসূরি। দলের ওপর বিগত সময়ের নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, আমাদের ১১ জন ভাইকে জেলখানায় হত্যা করা হয়েছে; ৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ৬ জনকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যারা ভেবেছিল জামায়াতকে নিশ্চিহ্ন করে দেবে, তারাই আজ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন। আর জামায়াতে ইসলামী শতগুণ শক্তি নিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হালিম, রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ জাকসু, চাকসু ও চকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে