পবিত্র শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
ডিএমপি জানায়, শবে বরাতের পবিত্রতা বজায় রাখা, শান্তিপূর্ণভাবে ইবাদত-বন্দেগির পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি এই সময়ের মধ্যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার করা যাবে না।
ডিএমপি স্পষ্ট করে জানায়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাইকে শবে বরাতের পবিত্রতা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।