ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে দেশ স্বর্ণের দেশে পরিণত হবে: চরমোনাই পীর

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৫ পিএম
ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে দেশ স্বর্ণের দেশে পরিণত হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা যদি সংসদে যেতে পারেন, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বর্ণের দেশে পরিণত হবে। যারা ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তারা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি লাভ করবেন। সোমবার রাতে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ড বালুর মাঠে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ইসলামের পক্ষে এই ভালো মানুষটাকে যদি আপনারা ভোট দিতে পারেন, আমি পরিষ্কারভাবে বলছি, আপনাদের মুখে আল্লাহ হাসি ফোটাবেন -এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি আরো বলেন, গত ৫৪ বছরে আমরা বহু নেতার শাসন ও নীতি দেখেছি। তারা দেশ পরিচালনা করে কী দিয়েছে, তা জনগণ জানে। একবার নয়, বারবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এখন তারা আবার ক্ষমতায় যেতে চায়। যারা বোকার স্বর্গে বাস করছেন, তাদের বলবো-চিন্তার পরিবর্তন না হলে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করবেন না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলনের তিতাস উপজেলা সভাপতি ডা.আব্দুল হান্নান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে