জামায়াত মুক্তিযোদ্ধাকে ভাড়া করে স্বাধীনতার পক্ষে নিজেদের দেখাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৫ পিএম
জামায়াত মুক্তিযোদ্ধাকে ভাড়া করে স্বাধীনতার পক্ষে নিজেদের দেখাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, তাদেরও মুক্তিযোদ্ধা আছে বলে দেখাতে চাইছে। তিনি বলেন, “এই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না এবং আমি বিশ্বাস করি, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।”

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগামীতে হয়তো এমনও শুনতে হবে যে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। তিনি দাবি করেন, বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করতে চাইছে।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, গতকাল (সোমবার) জামায়াতের আমির বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি দিয়েছেন। বিএনপি নেতা বলেন, “এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই ইতিহাস বিকৃতি করবে। কিন্তু জনগণ সব জানে। তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত নারীদের উপরে চরমভাবে অপমানজনক মন্তব্য করেছে, কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি জানান, “এটি নারীদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা।”

পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু এবং সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে