ভোট জালিয়াতির আশঙ্কায়

জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৩ পিএম
জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্ণীপুরে ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকালে অবৈধভাবে ভোটের সীল তৈরির ঘটনায় গভীর উদ্বেগ জানান দলটির নেতারা। তারা জানান,লক্ষ্ণীপুর পৌর শহরের পুরাতন আদালত রোডে অবস্থিত মারিয়াম প্রিন্টার্স নামের একটি দোকান থেকে অবৈধভাবে প্রস্তুতকৃত ১৬ ঘর বিশিষ্ট ভোটের ৬টি সীল ও একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ। এ সময় সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্ণীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্ণীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেন, আটক সোহেল রানা জামায়াতে ইসলামির কর্মী। জব্দ করা সীলগুলোর পেছনে সুপরিকল্পিত  ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ্যানি বলেন,এই সীলগুলো কে তৈরি করেছে, কারা এর সঙ্গে জড়িত এবং কার ইন্ধনে এই কাজ হয়েছে-তা খুঁজে বের করা জরুরি। শুধু এখানেই নয়, অন্য কোথাও এ ধরনের সীল বা ব্যালট জালিয়াতির প্রস্তুতি চলছে কি না, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, সীল তৈরির পাশাপাশি ব্যালট জালিয়াতির ঘটনাও ঘটতে পারে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে জাল ভোট ও অনিয়ম ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে-জামায়াতে ইসলামী ও দাড়িপাল্লা প্রতীক পরিকল্পিতভাবে ভোট জালিয়াতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। শুধু লক্ষ্ণীপুর নয়, সারাদেশেই এ ধরনের তৎপরতা ছড়িয়ে পড়তে পারে।” তিনি বলেন, লক্ষ্ণীপুর-৩ আসনের গ্রামাঞ্চলে বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটের সম্ভাব্য ব্যবধান ইতোমধ্যেই জনগণের কাছে পরিষ্কার। তবে প্রতিপক্ষের উসকানিমূলক আচরণ ও আশঙ্কাজনক তৎপরতায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা নিশ্চিত করা, নির্বাচনী এজেন্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ধানের শীষের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। এ সময় আরও অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামির শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড সংঘাতময় পরিবেশ তৈরির অপচেষ্টা। গ্রামে-গঞ্জে উত্তেজনা ছড়ানো, বিলবোর্ড ভাঙচুরসহ উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্ণীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে