সৈয়দপুরে আসামী ধরতে এসে পুলিশকে মারধর, গাড়ী ভাংচূর

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী):
| আপডেট: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৪ পিএম | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৭ পিএম
সৈয়দপুরে আসামী ধরতে এসে পুলিশকে মারধর, গাড়ী ভাংচূর

নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার এক আসামিকে আটক করতে এসে পুলিশকে মারধর করা হয়েছে। এ সময় পুলিশের সরকারি গাড়ীটিও করা হয়েছে ভাংচূর। এটি ঘটে ৩ ফেব্রুয়ারি দুপুরে সৈয়দপুর শহরের  শহীদ ডা. জিকরুল হক সড়কে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহসিন আলী মন্টু। তিনি মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং খালেদ মার্কেটে গার্মেন্টস ব্যবসা পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আসা পিবিআইয়ের একটি দল সাদা পোশাকে মহসিন আলীকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি নিজেকে ভুয়া পুলিশ ধরে নিয়েছে বলে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার একাংশ পুলিশের ওপর হামলা চালায়। অভিযানে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুরের পাশাপাশি গাড়িচালকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আটক ব্যক্তি ঘটনাস্থল থেকে সটকে পড়েন। সৈয়দপুর থানা সুত্র জানায়, ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার সূত্র ধরে পিবিআই সদস্যরা ওই অভিযান পরিচালনা করছিলেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, নিয়মিত তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছিল। তবে স্থানীয় কিছু লোকের ভুল বোঝাবুঝি ও উত্তেজনার কারণে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেখানে।