সাতক্ষীরায় ভোটকেন্দ্র দখলমুক্ত করার মহড়া দিল সেনাবাহিনী

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৭ পিএম
সাতক্ষীরায় ভোটকেন্দ্র দখলমুক্ত করার মহড়া দিল সেনাবাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোটকেন্দ্র দখল ঠেকানো এবং জিম্মি হওয়া প্রিজাইডিং অফিসারকে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে দেশজুড়ে যে নিরাপত্তা প্রস্তুতি চলছে, তারই অংশ হিসেবে কালিগঞ্জ সেনা ক্যাম্পে এই আয়োজন করা হয়। মহড়ায় একটি বাস্তবসম্মত দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়। এতে দেখানো হয়, একদল সন্ত্রাসী হঠাৎ একটি ভোটকেন্দ্র দখল করে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে ফেলেছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি চৌকস দল দ্রুত সেখানে পৌঁছায় এবং সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে কেন্দ্রটি দখলমুক্ত করে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিরাপদে জিম্মি কর্মকর্তাকে উদ্ধার করেন সেনাসদস্যরা। পুরো অভিযানে সেনাবাহিনীর কৌশলগত দক্ষতা ও ক্ষিপ্রতা ফুটে ওঠে। সেনাবাহিনী জানিয়েছে, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা। এছাড়া দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের বিষয়টিও মহড়ায় গুরুত্বের সাথে দেখানো হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলাজুড়ে ইতোমধ্যে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাসদস্যরা জেলার সব কটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে (রেকি) কাজ সম্পন্ন করেছেন। স্থানীয় প্রশাসন, নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করা হচ্ছে। মহড়া শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং নির্বাচনী কর্মকর্তাদের মনোবল বাড়াবে। একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী মাঠপর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে