বরিশালে দুই ভাইকে কুপিয়ে জখম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৭ পিএম
বরিশালে দুই ভাইকে কুপিয়ে জখম

কৃষি জমিতে চাষ কম দেওয়ার অভিযোগ তুলে পাওয়ার টিলার চালক ও তার ভাইকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা করা হয়েছে। আহতরা হলেন-কলাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম খানের ছেলে টিলার চালক ইমরান খান ও তার ভাই মাহতাব খান। আহতদের বাবা আব্দুর রহিম খান অভিযোগ করে বলেন-আমার ছেলের টিলার দিয়ে একই এলাকার আফছের আলী হাওলাদারের বোরো ক্ষেতে বুধবার সকালে চাষ দেয়। চাষ খারাপ হয়েছে অভিযোগ তুলে ওইদিন বিকেলে টিলার চালক ইমরানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আফছের। একই ঘটনার জেরধরে ওইদিন সন্ধ্যায় প্রথমে ইমরানকে কুপিয়ে জখম করে আফছের হাওলাদারের ছেলে রাকিব, আরিফ ও তার সহযোগিরা। ইমরানের ওপর হামলার খবরপেয়ে তার ভাই মাহতাব ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। অভিযোগ করে তিনি আরও বলেন-এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ায় হামলাকারীরা অভিযোগ উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এ বিষয়ে অভিযুক্ত আরিফের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার বোন ফাহিমা আক্তার ফোন রিসিফ করে অভিযোগ অস্বীকার করে বলেন-আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েও জমি চাষ দেওয়া হয়নি। যা নিয়ে বাগবিতন্ডা হয়েছে। আমার ভাইয়েরা তাদের ওপর হামলা চালায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে