এবারের নির্বাচনে কোনো ধরনের ভোট ইঞ্জিনিয়ার কিংবা ভোট চোরদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
এসময় তিনি বলেন, দেশবাসী দীর্ঘদিন ধরে একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় আছে এবং সেই বাংলাদেশ গড়তে হলে পুরোনো রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে।
জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে দুই ধরনের উন্নয়ন হয়েছে—একদিকে কিছু অবকাঠামোগত উন্নয়ন, অন্যদিকে দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক লুট, শেয়ারবাজার ধস ও অর্থপাচারের ‘উন্নয়ন’।জামায়াত আমির বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করা হবে।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভায় জামায়াত আমির বলেন, ‘রাজশাহীর কিছু সমস্যা আছে। থাকবে, সব জায়গায় সমস্যা আছে; যেহেতু ইনসাফ কায়েম নাই; যেহেতু দেশকে নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট নাই। এখানে একটা মেডিকেল কলেজ আছে, বহু পুরনো। তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে, ডেন্টাল কলেজ করা দরকার। উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটা ঘুমিয়ে পড়েছে। আর কয়টা দিন তো, সবুর করুন। যদি আপনাদের পছন্দের লোকদেরকে দায়িত্ব দেন, আপনাদের কিছু করতে হবে না। আমরাই খুঁজে খুঁজে সব বের করব, জাতিকে সেবা দেওয়ার জন্য। আপনাদের ডেন্টাল কলেজকে আমরা টান দিয়ে জাগিয়ে তুলে দেব।’
তিনি বলেন, ‘সুগার মিল লোকসানি। কেন লোকসানি হবে? আমার দেশের মাটিতে আখ ফলে। আমার দেশের শ্রমিকরা কাজ করে। তাহলে লোকসানি কেন? চুরি চামারির কারণে লোকসানি। যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে; ১৩ তারিখ থেকে বলা লাগবে না অটোমেটিক্যালি অনেকের কান এবং নাক খুলে যাবে। বাংলাদেশ নতুন পথ পাবে ইনশাআল্লাহ।’
রাজশাহীতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবির বিষয়ে তিনি বলেন, ‘বলা হয়েছে এখানে সিএনজির সরবরাহ নিশ্চিত করা। হ্যাঁ, সমুদ্রে এখনও আমরা আমাদের সম্পদ আহরণে ঢুকতে পারিনি। আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দেন, কারও চোখ রাঙানির পরোয়ানা করব না, ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের মানুষের জন্য তুলে আনতে সর্বাত্মক চেষ্টা করব।’
তিনি বলেন, আমরা এই দ্বিতীয় ধরনের উন্নয়ন আর চাই না। আমরা চাই জনগণের উন্নয়ন, ১৮ কোটি মানুষের উন্নয়ন।
এই জনসভা থেকে ডা. শফিকুর রহমান রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। রাজশাহী জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এই জনসভায় ১১ দলীয় জোটের কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। এর আগে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আরেকটি জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখানেও তিনি দাঁড়িপাল্লায় ভোট চান।