নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৪ পিএম
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের পক্ষে সম্ভব নয়। তাই আইন অনুসারে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথগ্রহণের দায়িত্ব পালন করবেন, আর তিন দিনের মধ্যে এটি না হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথগ্রহণ করাবেন। খবরটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান সংবিধান অনুযায়ী নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার নেন। তবে বর্তমানে একজন স্পিকার নিখোঁজ, আরেকজন কারাগারে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। ফলে তাদের দ্বারা শপথ গ্রহণ করানো সম্ভব নয়।”

আইন উপদেষ্টা আরও বলেন, “আমাদের আইনে দুটি বিকল্প পথ নির্ধারিত আছে। প্রথমত, প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। যদি তা সম্ভব না হয়, নির্বাচনের তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ প্রদান করতে পারবেন। আমরা চাই, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নতুন এমপিদের শপথ গ্রহণ করানো হোক।”

ড. আসিফ নজরুল জানান, শপথ অনুষ্ঠান আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সময়ক্ষেপণ করবে না। তিনি বলেন, “সিনিয়র সচিবের সঙ্গে আলোচনার পর চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টাকে আমাদের মতামত জানানো হবে। তবে লক্ষ্য, নির্বাচনের ফলাফলের সঙ্গে সঙ্গেই সংসদের কার্যক্রম শুরু করতে হবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করায় সাংবিধানিকভাবে এই দুটি পদ এখন শূন্য। এ কারণে ত্রয়োদশ সংসদ গঠনের পর নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ানোর প্রথাগত পথ বন্ধ হয়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে