বড়াল নদ ও চলনবিল রক্ষাসহ পরিবেশ সুরক্ষার বিষয়াবলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তি করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা),বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) ও বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন। শুক্রবার সকাল ১০টায় পাবনার চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক,বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান লিখিত বক্তব্যে এই দাবি জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এস এম আঃ রউফ।
এস এম মিজানুর রহমান বলেন,“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের দলীয় নির্বাচনী ইশতেহার বাপা,বেন,চলনবিল রক্ষা আন্দোলন ও বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় এবং স্থানীয়ভাবে চলনবিল ও বড়াল নদের সংকট উত্তোরণের বিষয়াবলী অন্তর্ভুক্তিকরণ এবং পাবনা-৩ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের তা বাস্তবায়নের জন্য প্রয়োজনী প্রতিশ্রুতি দিতে হবে।”
তিনি আরো বলেন,বড়াল নদের সকল স্লুইসগেট অপসারণ করতে হবে,দখল-দূষণ প্রতিরোধে ব্যস্থা নিতে হবে। বড়াল নদ পুনরুদ্ধার করে সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একইসাথে চলনবিলের বুড়ি পোতাজিয়ার পরিবর্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অন্যত্র নির্মাণ করতে হবে। চলনবিলের পতন মুখ,বড়ালের পতন মুখ ও গোহালী নদীর পতন মুখের সম্মিলিত মোহনা শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া। এখান থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিতে হবে। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে চলনবিলের পানি যমুনাতে যাবার একমাত্র পথ বন্ধ হয়ে যাবে। ফলে চলনবিল অস্তিত্ব সংকটে পড়বে।
মতবিনিময় সভায় পরিবেশ রক্ষায় এসকল সংগঠণের দেওয়া সুপারিশ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে নির্বাচিত হলে তা বাস্তবায়নের আহবান জানানো হয়। সভায় ডাঃ আতিকুল আলম,জয়দেব কুন্ডুসহ পরিবেশ আন্দোলনের বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।