পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে অটোভ্যানের নিচে চাপা পড়ে আরাফাতের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়,পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রাকিব হোসেনের ছেলে আরাফাত তার নানা আলেফ হোসেনের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে বাড়ির পাশে চাটমোহর-পার্শ্বডাঙ্গা সড়কের বারকোনা এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় একটি দলের নির্বাচনী প্রচার গাড়ি যাচ্ছিল। আরাফাত নির্বাচনী প্রতীকের লিফলেট নিতে রাস্তা পার হচ্ছিল। একই সময় অপর একটি অটোভ্যান দ্রুতগতিতে এসে আরাফাতকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।