ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বশির মিয়া ভলাকুট ইউনিয়নের মৃত হিলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় নারীসহ প্রায় ১০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুব মিয়ার বাড়ির এক নারীদের সঙ্গে কথা কাটাকাটি ঘটনা ঘটে। এর জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বশির মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আহত কুতুব মিয়া(৭৫),জুলহাস মিয়া (১৮),শরীফা আক্তার (২০) ও খারুন্নেছা বেগম(৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ ওসি মো: শাহিনুল ইসলাম সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, পূর্ব বিরোধের জের ও সরকারি খাস জমি নিয়ে নিহত বশির মিয়া সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।