নওগাঁর পত্নীতলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন মৃত্যুবরণ করেছেন। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছিলেন উপজেলার পৌর সদর নজিপুর মাদ্রাসা পাড়ার বাসিন্দা। তবে তাঁর গ্রামের বাড়ি মাটিন্দর ইউনিয়নের মেহেরুল খয়েরবাড়ি বলে জানা গেছে। শুক্রবার সকাল ১০ টায় নজিপুর পাবলিক মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পত্নীতলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা থানার অফিসার ইনচার্তজ (তদন্ত) আবু তালেব, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মরহুম আমজাদ হোসেন মৃত্যুকালে এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে নিজ গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।