বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরে বর্ণাঢ্য র্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত র্যালিটি গড়কান্দা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সংগঠনের পতাকা ও বিভিন্ন শ্লোগানসংবলিত ব্যানার হাতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, জাকসু’র সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান আশিক বক্তব্য রাখেন। এতে সভাপত্বি করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক। বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আগামীতেও শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।