জাতীয় পাটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তার দল নির্বাচিত হলে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবি উত্থাপন করা হবে। তিনি এ সিদ্ধান্তকে আইন ও সংবিধানবিরোধী আখ্যায়িত করে বলেন, একমুখী নির্বাচন নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শামীম হায়দার বলেন, ‘যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু একটি বড় রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সংবিধান সম্মত নয়।’ তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে একটি ইঞ্জিনিয়ারড নির্বাচনের দিকে দেশকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, একটি পূর্বপরিকল্পিত ও পূর্বনির্ধারিত নির্বাচনের আয়োজন চলছে, যেখানে জনগণের ভোটাধিকার গুরুত্বহীন হয়ে পড়ছে। অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি বিএনপির সঙ্গে জোট করতে না পেরে জামায়াতে যোগ দিয়েছে। এনসিপি আর জামায়াত একই সত্তা।’ তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে জাতীয় পাটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলো নিয়মিত অপপ্রচার চালাচ্ছে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পাটির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিই নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা জনগণের শক্তিতে ভর করে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’তিনি আরও বলেন, ‘জামায়াত নিষিদ্ধের সময়ও আমরা এর বিরোধিতা করেছি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।’ সভায় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদার, জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মুক্তিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।