রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০৪ পিএম
রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

ক্রিশ্চিয়ানো রোনালদো টানা দ্বিতীয় ম্যাচে মাঠে নামেননি, তবে আল নাসর ঠিকই কাঙ্ক্ষিত জয় পেল। শুক্রবার রাতে আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

শেষ সময়ে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। এরপর শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল। জানুয়ারির দলবদলে প্রতিপক্ষ শক্তি বাড়ানোর পরেও আল নাসরের নিস্ক্রিয় থাকা রোনালদোর অসন্তুষ্টির কারণ বলে সংবাদমাধ্যম জানিয়েছে। একই কারণে তিনি আগের ম্যাচেও খেলেননি।

রিয়াদ ম্যাচের মতো এদিনও স্কোয়াডে ছিলেন না রোনালদো। তবে তার অভাব তেমন প্রভাব ফেলেনি। আল নাসর আক্রমণে সক্রিয় থেকে ১৬ শটের মধ্যে পাঁচটি শট লক্ষ্যভেদে পরিণত করেছে। অন্যদিকে, লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আবার হারল আল ইত্তিহাদ। কারিম বেনজেমা আল হিলালে যোগ দেওয়ার পরও তারা মাঠে সুবিধা করতে পারেনি; পুরো ম্যাচে কেবল পাঁচটি শট এবং তার মধ্যে একটি শটই লক্ষ্যভেদে পরিণত হয়েছে।

এই জয় দিয়ে আল নাসর লিগে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়েছে। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। শীর্ষে আছে আল হিলাল, ৫০ পয়েন্ট নিয়ে। শিরোপার লড়াইতে আল ইত্তিহাদ অনেকটা পিছিয়ে, ৩৪ পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে রয়েছে।

ম্যাচের সপ্তম মিনিটে আল নাসরের ঘরের দর্শকরা রোনালদোর প্রতি সমর্থন জানিয়ে উঁচিয়ে ধরেন তার নাম ও সাত নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, ক্লাব পরিচালনায় সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের নীতি নিয়ে রোনালদোর অসন্তুষ্টিই তার খেলায় অনীহার কারণ।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, “ক্লাবের বিকাশ ও লক্ষ্য পূরণে রোনালদোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোক না কেন, ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারবেন না।”

রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন এবং বছরে ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড বেতনের কারণে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন।

আপনার জেলার সংবাদ পড়তে