ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ৪১৮ টি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোট ৫ সহস্রাধিক আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির এক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা ও সমাবেশে এ তথ্য জানিয়েছেন বরিশাল রেঞ্জ কমান্ডার মো.আব্দুস সামাদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার মো. আব্দুস সামাদ আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের সর্ববৃহৎ একটি শৃঙ্খলা বাহিনী, এদেশের মাটি ও মানুষের বাহিনী। আমাদের সামনে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। নিরপেক্ষ অবস্থানে থেকে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসব মুখর একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। সেজন্য আপনাদের সবার সজাগ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, পিরোজপুর সদর উপজেলা কর্মকর্তা মো. জোবায়ের হোসেনসহ জেলার ৭ টি উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত জানান, পিরোজপুর জেলার মোট ৪১৮টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পুরুষ ও মহিলা সদস্য মিলিয়ে ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য থাকবে।