দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে জনগন মুক্তি চায়: মাহমুদুন্নবী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৬ এএম
দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে জনগন মুক্তি চায়: মাহমুদুন্নবী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় গতি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণের সমর্থনে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি বাকেরগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজার তালুকদার বাড়ি জামে মসজিদ মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ওয়ারী থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন কবাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আবুয়াল হাসান। প্রধান বক্তা অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার বলেন, আমরা অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দেবোনা। সবাই ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে প্রথম ভোট দেবেন জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায়। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সমাজের একটি দুর্নীতিবাজ চক্র সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে মানুষ মুক্তি চায়। আল্লাহর রহমতে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপোসহীন অবস্থান নিয়ে বাকেরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, বেকারত্ব বর্তমানে সবচেয়ে বড় সামাজিক সংকট। যুবসমাজকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে না দেখে কারিগরি শিক্ষা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। তাহলেই টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে একেএম ফখরুদ্দিন খান রাযী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ভূঁইফোড় সংগঠন নয়। এটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক আন্দোলন, যা গত ৫৪ বছর ধরে মানুষের মুক্তি, ন্যায়বিচার ও নবীজির সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে আসছে। আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়, জামায়াতের দায়িত্বশীলরা কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আরও বলেন, অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদারকে দীর্ঘ ১৭ বছর ধরে বাকেরগঞ্জের জন্য যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি। বৈষম্যহীন, চাঁদাবাজিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি সর্বস্তরের ভোটারদের কাছে আহবান করেন।