আফগানিস্তানে পাহাড়ি পথে মিনিবাস খাদে, নিহত ১৫

এফএনএস অনলাইন:
| আপডেট: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০২ পিএম | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০২ পিএম
আফগানিস্তানে পাহাড়ি পথে মিনিবাস খাদে, নিহত ১৫
ছবি, সংগৃহিত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক পুলিশের ভাষ্য অনুযায়ী, মিনিবাসটি রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের একটি অংশে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাদে চলে যায়। পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পেছনে সড়কের অত্যন্ত নাজুক ও ক্ষতিগ্রস্ত অবস্থা বড় ভূমিকা রেখেছে।

নিহতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৫ জনে।

দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা এবং পর্যাপ্ত তদারকির অভাব যোগ হয়ে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।