চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শ্যুটার পিস্তুল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গত শনিবার রাত ১০টার দিকে রহনপুর-আড্ডা সড়কের এনায়েতপুরে অবস্থিত নিউ রফিক অটো রাইস মিলের পাশে আমগাছের ঝোপে ভিতরে থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কার্যালয়ে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জানতে পারে রহনপুর-আড্ডা সড়কের ওইস্থানের আমগাছের পাশে সন্দেহজনক সাদা প্ল্যাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে র্যাবের একটি টহলদল ওই স্থানে অভিযান চালিয়ে বস্তার ভিতর থেকে ২টি তলোয়ার, একটি ভাঙ্গা কাঠের বাটসহ রামদা, একটি স্টীলের বাটসহ বল্লম, একটি কাঠের বাটসহ ডেগার,২টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তুল, ২টি খালি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড কার্তুজ আলামত হিসেবে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো গোমস্তাপুর থানায় হস্তান্তর করে র্যাব। এদিকে র্যাব ধারনা করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতার করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীরা ওই স্থানে অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল।