কলাপাড়ায় ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে পড়ে নিহত ১, আহত ১০

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪৩ পিএম
কলাপাড়ায় ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে পড়ে নিহত ১, আহত ১০

কলাপাড়ার পায়রা বন্দরের  রাবনাবাদ  নদীর উপর নির্মাণাধীন ফোরলেন সেতুর লোহার সাটার ভেঙে পড়ে রাসেল হাওলাদার নামে এক নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে  অন্তত ১০ শ্রমিক।  রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সেতুর পূর্ব দিকে লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এদের মধ্যে গুরুতর আহত নির্মাণ শ্রমিক রঞ্জু ও রাকিবুল কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহতদের হাসপাতালে  চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত রাসেল কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহালম হাওলাদারের ছেলে। আহত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সেতুর উপরে লোহার সাটারের উপর বসে তারা ঢালাইয়ের রড বাঁধাইয়ের কাজ করার সময় চেইন ছিড়ে নিচে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। সেতুব উপর বসে কাজের সময় তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি বলে এ দূর্ঘটনা ঘটেছে বলে তারা বলেন। কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মালেক মিয়া বলেন,  নিহত রাসেল হাসপাতালে আনার আগেই মারা গেছে।  উপর থেকে পড়ে ভারি বস্তুর সাথে আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে। অপর আহতদের মধ্যে দুইজন গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পায়রা বন্দরের  সিক্সলেন সেতুর সাথে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি)। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে