১,৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পথে, অর্থ বিভাগের সম্মতির অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪১ পিএম
১,৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পথে, অর্থ বিভাগের সম্মতির অপেক্ষা

দেশের বেসরকারি স্কুল ও কলেজের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত এমপিওভুক্তির প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে। প্রথম পর্যায়ে ১ হাজার ৭১৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের বিষয়ে সম্মতি চেয়ে ইতোমধ্যে অর্থ বিভাগে পত্র পাঠানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় বলছে, পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যাতে স্বচ্ছতা নিশ্চিত থাকে এবং ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের কোনো সুযোগ না থাকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) পর্যায়ের ৪৪০টি, স্নাতক (সম্মান) পর্যায়ের ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, নীতিমালায় নির্ধারিত মাপকাঠি, এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক সাম্য এবং গ্রেডিংয়ের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদনগুলো মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করা হয়েছে।

তবে এই তালিকাই চূড়ান্ত নয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের আগে আবেদনের সঙ্গে দাখিল করা তথ্য ও প্রমাণাদি ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজের মাধ্যমে যাচাই করা হবে। প্রয়োজন হলে সরেজমিন তদন্তও করা হবে।

এমপিওভুক্তি প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সংশ্লেষ নেই। এমপিও সংক্রান্ত বিষয়ে অনৈতিক লেনদেন বা ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। কেউ এ ধরনের অনৈতিক যোগাযোগের চেষ্টা করলে বা কোনো অভিযোগ থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮) খুদে বার্তার মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ একটি চলমান ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। নীতিমালার আলোকে যোগ্যতা, অঞ্চলভিত্তিক জনসংখ্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের ঘনত্ব এবং সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও ধাপে ধাপে অন্যান্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা হবে।

একই সঙ্গে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা সংবাদ প্রচার না করে শিক্ষা ব্যবস্থাপনার এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আপনার জেলার সংবাদ পড়তে