টাঙ্গাইলের করটিয়ায় শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে করটিয়া বীরপুশিয়া মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. শহীদুল আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহিনুল ইসলাম শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদ এবং করটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জ্বল প্রমুখ। মঅনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই। তিনি আরও বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কারণ ভিত্তি শক্ত হলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। সেই লক্ষ্যেই প্রাথমিক শিক্ষা ও সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি।