গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৬ পিএম
গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক নির্বাচনি পথসভায় তিনি বলেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না। আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার। যারা সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রটাতে জং ধরেছে। আমরা সবাই সংস্কার চাই। এ কারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবার আহ্বান জানাচ্ছি। যারা সংস্কার চান না, তারা ‘না’ ভোট দেবেন। আমরা চাই দেশকে নতুন পথে এগোতে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে নতুন নেতৃত্বকেই সমর্থন করা হবে।”

ফখরুল হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বাস দিয়েছেন, “আমি সব সময় আপনার পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি। বিএনপি অতীতেও যেমন সবার পাশে ছিল, আগামীতেও থাকবে।”

পথসভায় ফখরুল বলেন, “আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই। দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নেবেন।”

তিনি ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় কৃষি প্রধান এলাকা উন্নয়নের পাশাপাশি স্কুল-কলেজ এমপিওভুক্তকরণ, রাস্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নির্বাচনি পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে