অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) সহযোগিতা চেয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) OHCHR-এ একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে। নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে জানানো হয়েছে, OHCHR থেকে প্রতিক্রিয়া পাওয়া মাত্রই পররাষ্ট্র মন্ত্রণালয়কে তা অবহিত করা হবে। সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, “এই হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের মাধ্যমে দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আমরা অক্ষুণ্ণ রাখছি। জাতিসংঘের সহযোগিতা এ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।”
বাংলাদেশে এই হত্যাকাণ্ড নিয়ে আগে থেকেই তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহায়তায় আরও স্বচ্ছভাবে পরিচালনার চেষ্টা করা হচ্ছে।