পাবনা- ২ (সুজানগর-বেড়া উপজেলা) আসনে টাকা দিয়ে ভোট কেনার ঘটনা হাতেনাতে ধরা পড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হেসাব উদ্দিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবের কর্মী-সমর্থকরা। সেইসঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক না হয়েও তার পোস্টারে অধ্যাপক লিখে মিথ্যা প্রচারণা চালানোয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বরাবর একটি আবেদন করেছে ছাত্রদল নেতা সাজিদ মাহমুদ কৌশিক। সুজানগরের মানিকহাট ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই খান জানান, গত শনিবার দুপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হেসাব উদ্দিনের কতিপয় পুরুষ ও মহিলা কর্মী-সমর্থক নির্বাচনী এলাকার মাছপাড়া গ্রামের সেলিম মোল্লার স্ত্রী জান্নাত খাতুন ও জালিম শেখের স্ত্রী বিনা খাতুনের হাতে ১ হাজার টাকার নোট ধরিয়ে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি আদায় করছিল। এ সময় স্থানীয় ছাত্রদল নেতা হুমায়ন কবির ঘটনা হাতেনাতে ধরে ফেলে এবং এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে এ নিয়ে ওই সকল জামায়াতে ইসলামী কর্মী-সমর্থক এবং ছাত্রদল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা জানাজানির পর গোটা নির্বাচনী এলাকার ছাত্রদলের কর্মী-সমর্থকরা জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী হেসাব উদ্দিনের বিরুদ্ধে ফুঁসে ওঠে। তারা তাৎক্ষণিকভাবে নির্বাচনী এলাকার মানিকহাট, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সুজানগর পৌরসভাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করে। প্রতিবাদ মিছিলে পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাকিবুল ইসলামসহ অন্যান্য ছাত্র নেতারা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হেসাব উদ্দিনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ভোট চাওয়ার অধিকার সবারই আছে। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অবৈধ কালো টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করবেন না। এর পরিণাম ভালো হবে না। ছাত্রদলের নেতারা বক্তৃতায় আরও বলেন স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী একটি গুপ্ত সংগঠন। তারা বিগত ১৭ বছর নীতি আদর্শ বিসর্জন দিয়ে আওয়ামী লীগের লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে নিরাপদে থেকেছে। আর বিএনপি হামলা, মামলা, গুম, খুন এবং নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। সুতরাং গুপ্ত রাজনীতি করা স্বাধীনতা বিরোধী সংগঠনের পক্ষে নির্বাচনী মাঠে কালো টাকা ছড়িয়ে বিএনপি মনোনীত জনপ্রিয়, জননন্দিত প্রার্থী সেলিম রেজা হাবিবকে পরাজিত করা তো দূরের কথা প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করাও দিবাস্বপ্ন দেখার ন্যায়। এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হেসাব উদ্দিনের মোবাইল ফোন করা হলে তিনি রিসিভ করেননি।