নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার তারা মার্কার সমর্থনে গোপালপুর ইউনিয়নে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোপালপুর ইউনিয়ন জেএসডির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জেএসডি সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব পরিষদের সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্বপন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডির প্রার্থী মোঃ সিরাজ মিয়া। প্রধান বক্তা ছিলেন, জেএসডি বেগমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মিন্টু। তিনি বক্তব্যে বলেন, “বেগমগঞ্জ" আসনে বিভিন্ন দলের প্রার্থী এমপি হয়েছেন। কিন্তু দেশ ও জনগণের কল্যাণে কে কী কাজ করেছে, তা এলাকার মানুষ ভালো করেই জানেন।” তিনি আরও বলেন, “অনেক প্রার্থী নিজেদের স্বাধীনতার পক্ষের দল বলে দাবি করেন, আবার অন্য দলকে স্বাধীনতাবিরোধী বলেন। কেউ অন্য দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন। কিন্তু আমাদের প্রার্থী সরাসরি একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা।” আরো বক্তব্য রাখেন, জেলা জেএসডি সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি, গোলাম রাব্বানী ও কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবিব। সভায় বক্তারা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থী হিসেবে সিরাজ মিয়াকে তারা মার্কা নিয়ে জনগণের সামনে হাজির করা হয়েছে। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি তারা মার্কায় ভোট দিয়ে জেএসডি প্রার্থী মোহাম্মদ সিরাজ মিয়াকে বিজয়ী করার আহ্বান জানান। সভায় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।