ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মমিতা (২৫) নামক এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি ট্রপিক্যাল নীটেক্স লিমিটেডের কর্মী ছিলেন। এ ঘটনায় মহা সড়কে যানচলাচল বিঘ্নিত হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমিতা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনসাধারণ চালক সহ ট্রাকটি আটক করে ভাংচুর চালায়। এ ঘটনায় মহা সড়কে যানচলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। ফলে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে লাশটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসাইন জানান,ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।