পার্বত্য জেলা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নম্বর সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় ও বয়স্ক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরানের তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত দরিদ্র, দুস্থ পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে ৫১১ জন মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। চিকিৎসা সহয়তায় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক। রুগী দেখেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য দয়াধন চাকমা এবং গঙ্গারাম এলাকার কারবারি জ্যোতি লাল চাকমা সহ ব্যবসায়ী বাবুধন চাকমা প্রমুখ। প্রধান অতিথি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ চিকিৎসার অভাবে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ নেয়া হয়েছে। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো এবং বাঘাইহাট এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেছি। তারই ধারাবাহিকতায় গঙ্গারাম এলাকায় সাজেক কলেজ মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এই ধারা ভবিষ্যতেও চলমান থাকবে।