আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে তাকে (সান্টু) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনপিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাহেব আলী হাওলাদার রনি। বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টটিউশন (পাইলট) স্কুল মাঠে রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দল-মত নির্বিশেষে যোগ্যদের চাকরি হবে। প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন, খাল খননসহ কৃষিখাতের বৈপ্লবিক উন্নয়ন সাধন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশে জামায়াত ইসলামী নামে কোনো দল নেই। জামায়াত কোনো ইসলামি দল নয়। তারা ভোটের নামে জান্নাত বিক্রি করে কিন্তু জান্নাত দেওয়ার মালিক তারা নয়, একমাত্র মালিক মহান আল্লাহতায়ালা। তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদেরকে কেউ ভোট দিবে না। দলের নেতাকর্মী, সমর্থক ও জনতার উদ্দেশ্যে ধানের শীষের প্রার্থী বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে। এছাড়াও নির্বাচিত হতে পারলে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ব্রিজ নির্মানের চেষ্টা করার আশ্বাস সহ খেয়া চলাচলের টোল ফ্রি করার ঘোষণা দিয়েছেন। বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম শাহীন, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হকের নাতনী বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান একে রিপা হক, শেরে বাংলার নাতি একে ফাইয়াজুল হক রাজুর স্ত্রী সালমা ফাইয়াজ, ছেলে একে ফারদিন ফাইয়াজ। বক্তব্য রাখেন, বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি ব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত হয়ে বরিশাল-২ আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাহেব আলী হাওলাদার রনি নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে সমর্থন জানিয়েছেন।