দাঁড়িপাল্লার গণজোয়ারের বিপ্লব ঘটবে ১২ ফেব্রুয়ারি: বাবর

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০১ এএম
দাঁড়িপাল্লার গণজোয়ারের বিপ্লব ঘটবে ১২ ফেব্রুয়ারি: বাবর

বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মাদ বাবর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ফলশ্রুতিতে ভোট বিপ্লব ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারি। দীর্ঘদিনের বঞ্চনার সমুচিত জবাব বাকেরগঞ্জবাসী দেবে ব্যালটের মাধ্যমে। বাকেরগঞ্জে সার্বিক পরিস্থিতি অবলোকন করলে এমনটাই প্রতীয়মান হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নে কামারখালী আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সভায় প্রধান বক্তা জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, আগামী ১৩ ফেব্রুয়ারি সূর্য উদিত হবে দাঁড়িপাল্লা পিঠে নিয়ে। জনগণের সমর্থনে সংসদে যাওয়ার সুযোগ পেলে বাকেরগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, সবাই ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে প্রথম ভোট দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর মাওলানা এসএম মাহফুজুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা আমির মাওলানা ফিরোজ আলম, মাওলানা মো. নুরুল হক, বরিশাল মহানগর ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোস্তাকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন দাঁড়িয়াল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন খান।

আপনার জেলার সংবাদ পড়তে