নোয়াখালীতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় নতুন গতি যোগ করেছে মৎস্যজীবী দল। হাটবাজার ও পাড়া-মহল্লায় দলীয় প্রার্থীর পক্ষে চলছে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ। সোমবার দুপুরে মৎস্যজীবী দলের উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাজগঞ্জ বাজার এলাকায় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিন মিনু ও যুগ্ম আহ্বায়ক সাইজ উদ্দিন বাবর। রাজগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রিমন খন্দকার। বাজার কমিটির সভাপতি মোহাম্মদ মহিন উদ্দিন উপস্থিত জনতার উদ্দেশ্যে বরকত উল্লাহ বুলুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে আমাদের প্রচারণা।