সাজেকসহ দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫০ পিএম
সাজেকসহ দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও পার্শ্ববর্তী দুর্গম ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে এসব সরঞ্জাম ও কর্মকর্তাদের পরিবহন কার্যক্রম শুরু হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গমতার কারণে যেসব কেন্দ্রে স্থলপথে যাতায়াত সম্ভব নয়, সেসব কেন্দ্রে আকাশপথে নির্বাচন সামগ্রী ও কর্মকর্তা পাঠানো হচ্ছে। কেন্দ্রগুলো হলো- দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ি অঞ্চলে এবার নির্বাচনের মাঠে কোনো আঞ্চলিক দলের প্রার্থী না থাকলেও রাজনৈতিক সমর্থন নিয়ে নানা সমীকরণ তৈরি হয়েছে। এতে দুর্গম কেন্দ্রগুলো ঘিরে নিরাপত্তা সংশয় তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন জানায়, ১০টি উপজেলা, ২টি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় এই আসনটিতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২শত ৭২টি । এরমধ্যে পুরুষ ভোটার ২লাখ ৬৩ হাজার ৪শ ১১, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮শত ৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২টি।

আপনার জেলার সংবাদ পড়তে