গাজীপুর-৪ আসনে নির্বাচনী ভোটের মাঠে এগিয়ে বিএনপি

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩১ পিএম
গাজীপুর-৪ আসনে নির্বাচনী ভোটের মাঠে এগিয়ে বিএনপি
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। সাম্প্রতিক গণসংযোগ, জনসভা ও মাঠপর্যায়ের তৎপরতা বিশ্লেষণে দেখা যাচ্ছে—জামায়াতসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলের তুলনায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান নির্বাচনী প্রচারণা ও জনসম্পৃক্ততায় এগিয়ে রয়েছেন। দীর্ঘদিন পর ভোটমুখী পরিবেশ তৈরি হওয়ায় বিএনপি নেতাকর্মীদের সক্রিয় মাঠ উপস্থিতি, ধারাবাহিক জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগ দলটির অবস্থানকে আরও সুসংহত করছে। বিশেষ করে গ্রামাঞ্চলে জামায়াতসহ অন্যান্য প্রার্থীদের তুলনায় বিএনপির প্রচারণা কার্যক্রম বেশি চোখে পড়ছে বলে মত দিয়েছেন স্থানীয় ভোটাররা। নির্বাচনী জনসভায় বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে নিরীহ মা-বোনদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি প্রার্থী বলেন, বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ ও আওতা বৃদ্ধি এবং কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। দেশের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তার মতে, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল। যারা দেশ চায়নি, স্বাধীনতা চায়নি, তারাই আজ ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কাপাসিয়ার অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে শাহ রিয়াজুল হান্নান বলেন, বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষ যেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে, সে সুযোগ সৃষ্টি করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে, এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জমির মূল্যও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করা হবে এবং চাঁদাবাজিমুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ে তোলা হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এদিকে স্থানীয় ভোটাররা জানান, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ কাপাসিয়ার গর্ব। রাস্তাঘাট উন্নয়ন, ফকির মজনু শাহ সেতু নির্মাণ এবং ঢাকা–কিশোরগঞ্জ সড়কের নকশা প্রণয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তারা উল্লেখ করেন। স্থানীয়দের দাবি, জীবদ্দশায় রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন হান্নান শাহ। তার কনিষ্ঠ পুত্র শাহ রিয়াজুল হান্নান বাবার জীবদ্দশাতেই রাজনীতিতে সক্রিয় হন এবং দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তারা মনে করেন, আসন্ন নির্বাচনে তিনি নির্বাচিত হলে মরহুম হান্নান শাহের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন সম্ভব হবে। জনসভায় শাহ রিয়াজুল হান্নান মরহুম পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, নির্বাচিত হলে কাপাসিয়ার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এবং নির্বাচিত হলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।
আপনার জেলার সংবাদ পড়তে