বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করা হলে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গ্রামীণ সড়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি আরও বলেছেন, বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে গেছে। তারা গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন করতে পারেনি। যে কারনে গ্রামে ঢ়ুকলেই আমরা গ্রামীণ সড়ক অবকাঠামোর করুন চিত্র দেখতে পাই। তাই নির্বাচিত হতে পারলে অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করা হবে। সোমবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে ধানের শীষের একটি মিছিলে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সর্বত্র ধানের শীষের জোয়ার বইছে জানিয়ে ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন আরও বলেন, এই মুহুর্তে (বিকেলে) বরিশাল-১ আসনের শতাধিক পয়েন্টে ধানের শীষের সমর্থকরা একযোগে মিছিল বের করেছে। প্রতিটি মিছিলে হাজার হাজার সমর্থক অংশগ্রহণ করে ধানের শীষের জোয়ার বইয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে গেছে। আমরা তরুণ-যুবক শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। যারা বিদেশ যেতে চায় তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রুপান্তর করে বিদেশে পাঠাতে চাই। তরুণ ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন, এখনকার তরুণ ভোটারদের পরিবারের সদস্যরা পূর্বে আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলো। এই নির্বাচনে তরুণ ভোটাররা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবে বলে আমি শতভাগ বিশ্বাস করছি। মাদকচক্রের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ায় মাদক প্রকট আকার ধারণ করেছে। আমি নির্বাচিত হতে পারলে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে নিয়ে মাদকচক্রকে নিশ্চিহ্ন করে দেবো। এরআগে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্যরা।