টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সকাল থেকেই জনসভাস্থল দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিণী বিলকিস সালাম ও তার কন্যা সাফওয়াত বিনতে সালাম। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় রাজপথে রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ দলীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির বিকল্প নেই। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।