আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি: মাসুদ সাঈদী

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৪ পিএম
আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ১৭ বছর পর নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি। যে স্বপ্ন পূরণ হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের সুচিন্তিত সিদ্ধান্তের  মাধ্যমে ।  আজ সোমবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াত জোটের নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে সেটি সম্ভব হয়নি। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। বারবার নির্বাচন এসেছে প্রত্যেকবার জনগণ আশা করে বিভিন্ন দলকে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে কিন্তু জনগণ তাদের  কাঙ্খিত দেশ পায়নি। মাসুদ সাঈদী বলেন, জনগণকে মূল্যায়ন করা হয়নি বরং আমরা দেখেছি গত ৫৪ বছরে যে দল বা যারা ক্ষমতায় এসেছে তারা তাদের কপালের ও পকেটের উন্নয়ন ঘটিয়েছে, দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি এবং জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে তারা কাজও করেনি। কোন কোন দল পাঁচ বছর দশ বছর ১৫ বছর একাধারে ক্ষমতায় থেকেছে আমাদের উন্নয়নের গল্প  শুনিয়েছেন। সেই  স্বপ্ন ছিল শুধুই বলার মত বলার কথা বাস্তবে কিছুই হয়নি।  এ সময় তিনি দাঁড়িপাল্লায় ভোট চেয়ে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করা অঙ্গীকার করে বলেন, আমার পিতা যেমন উন্নয়নমূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন আমিও তেমনি করবো, আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।