নিরাপদ বাংলাদেশ গঠন করার অঙ্গীকার তারেক রহমানের

অনলাইন ডেস্ক | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৮ পিএম
নিরাপদ বাংলাদেশ গঠন করার অঙ্গীকার তারেক রহমানের
ছবি: সংগৃহীত

নিরাপদ বাংলাদেশ গঠন করার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে চাই।’ আজ সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ সম্প্রচার করা হয়েছে।

বেকার সমস্যা নিরসনে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার, অঞ্চলভিত্তিক অর্থনীতি চাঙ্গা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলেন বিএনপির চেয়ারম্যান। এসব উদ্যোগের মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তারেক রহমান বলেন, সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনরায় সন্নিবেশিত করা হবে। তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ইমাম, মোয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য রাষ্ট্রীয় আর্থিক সহযোগিতা নিশ্চিত করা হবে।

তিনি বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়েও কথা বলেন। তারেক রহমান জানান, দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রথম ধাপে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের আওতায় মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকার গঠন করতে সক্ষম হলে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর, অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন। তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।

আপনার জেলার সংবাদ পড়তে