গাইবান্ধা-৩ আসনে জামায়াতের গণমিছিল

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫১ এএম
গাইবান্ধা-৩ আসনে জামায়াতের গণমিছিল

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাও. নজরুল ইসলাম লেবু’র নেতৃত্বে পৌর জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনি গণমিছিল শহর প্রদক্ষিণ করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার প্রায় শেষ সময়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনায় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে গণমিছিলটি পলাশবাড়ী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় চৌমাথা মোড়ে আবারো দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জামায়াত প্রার্থী মাও. নজরুল ইসলাম লেবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, বছরের পর বছর ধরে দেশে নানামুখি অন্যায়- অবিচার, আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিবেক বর্জিত বৈষম্যের রাজনীতি আপামর জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। বারংবার তৃণমূল সাধারণ মানুষের প্রকৃত ন্যায্য অধিকার হরণ করে বঞ্চিত করা হয়েছে। বিরাজমান পরিস্থিতির আমূল পরিবর্তন এবং নিশ্চিত উত্তরণের জন্য কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা আজ বড়ই জরুরি হয়ে উঠেছে। ন্যায়, ইনসাফ ও সুশাসনের পক্ষেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোজাহিদ ফয়সাল প্রমুখ। এসময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।