দিনাজপুরে জাহিদ হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৮ এএম
দিনাজপুরে জাহিদ হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।  ইশতেহারে ডা. জাহিদ হোসেন অত্র অঞ্চলের দীর্ঘদিনের দাবি নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে একটি নতুন জেলা গঠনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি অসমাপ্ত অঙ্গীকার, যা তিনি বাস্তবায়ন করতে চান।

ইশতেহারের উল্লেখযোগ্য অঙ্গীকারসমূহ:

১. যোগাযোগ ও অবকাঠামো: গ্রাম থেকে শহর পর্যন্ত সকল রাস্তা প্রশস্ত ও পাকা করার পাশাপাশি পর্যাপ্ত ড্রেন ও কালভার্ট নির্মাণের মাধ্যমে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। রেলসহ সকল যোগাযোগ ব্যবস্থাকে করা হবে আধুনিক ও নিরাপদ।

২. স্বাস্থ্য ও শিক্ষা: 'স্বাস্থ্য কার্ড' প্রবর্তনের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিটি ঘরে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান এবং মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

৩. বাণিজ্য ও অর্থনীতি: হিলি স্থলবন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তর করে উত্তরাঞ্চলে ব্যাপক কর্মসংস্থান ও বাণিজ্যের প্রসার ঘটানো হবে। এছাড়া কৃষিভিত্তিক শিল্পায়ন এবং 'কৃষক কার্ড' ও 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

৪. সুশাসন ও নিরাপত্তা: সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। সকল ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মন্দির, গির্জা) সংস্কার এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করার কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

৫. পর্যটন ও পরিবেশ: নবাবগঞ্জের সীতাকোট, স্বপ্নপুরী ও আশুড়ার বিলকে পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি করতোয়া ও ছোট যমুনা নদীর নাব্যতা বৃদ্ধি এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা করা হবে।

৬. যুব ও নারী উন্নয়ন: তরুণদের জন্য ইনডোর-আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোক্তা উন্নয়ন ও ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইশতেহার ঘোষণা শেষে ডা. জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, আমরা এক আধুনিক ও বৈষম্যহীন দিনাজপুর-৬ গড়তে চাই, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে প্রধান চালিকাশক্তি।

আপনার জেলার সংবাদ পড়তে