আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা ৪ দিনের ছুটি ঘোষণায় বাড়ি যেতে শুরু করেছে ঘরমুখী মানুষ। তবে সবাই একই সঙ্গে রওয়ানা হওয়ায় রাস্তায় দীর্ঘ যানজন শুরু হয়েছে। জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৫০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন যানজট দেখা দিয়েছে।
তবে উদ্বেগের বিষয় হলো এই সুযোগে বাড়তি ভাড়া অন্তত ৩ তিনগুন আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তথ্যনুযায়, এ ছাড়া, ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ চাওয়া হচ্ছে। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা ও গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট রয়েছে।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দীর্ঘ যানজটের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম গণমাধ্যমকে বলেন, নির্বাচন উপলক্ষে শিল্প-কারখানা ছুটি হয়েছে। শ্রমিকরা বাড়িতে যাচ্ছেন। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে পরিবহনের ভাড়া বেশি থাকায় কোথাও কোথাও যাত্রীরা বিশৃঙ্খলা করেছেন। আমরা ভাড়ার বিষয়টিও দেখছি। যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার চারশতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করা হলে সন্ধ্যার পর থেকে ঘরমুখী মানুষের ঢল বাড়তে থাকে সড়কে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়ে ভিড় সৃষ্টি হয়। রাতভর যানবাহনে অপেক্ষায় থাকা লোকজন আজ সকাল থেকে বাস-ট্রাক, পিকাপসহ বিভিন্ন বাহনে করে গন্তব্যের উদ্দেশে ছুটে যাচ্ছেন। যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।