খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমাদের নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৩.৫ লাখ টন; অথচ বর্তমানে আমাদের গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ আছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক বিফ্রিংয়ে আজ (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য পরিস্থিতি নিয়ে আপনারা একটি প্রতিবেদন দেখেছেন। সেখানে চলতি বছরসহ গত ছয় বছরের একটি তুলনামূলক বিবরণী দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে আমাদের খাদ্য মজুদ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমি সবসময় একটি কথা বলতাম যে, আমরা দায়িত্ব ছাড়ার সময় যতটুকু মজুদ থাকার কথা, ইনশাআল্লাহ তার চেয়ে বেশিই রেখে যাব। আমাদের যেখানে নিরাপদ মজুদের লক্ষ্যমাত্রা ১৩.৫ লাখ টন, সেখানে বর্তমানে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ আছে। সরকারের মজুদ পর্যাপ্ত থাকার জন্য প্রোগ্রামগুলো চলমান আছে। প্রোগ্রামগুলো ব্যহত হবে না। এই চেয়ারে যে মন্ত্রী বসবেন, এক দুই দিন পরে যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তরিঘরি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।
আলী ইমাম মজুমদার বলেন, আমি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান প্রধান লক্ষ্য (মেইন ফোকাস) হচ্ছে ডিজিটালাইজেশন। আমরা পরীক্ষা করে দেখেছি যে, বর্তমান ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই খতিয়ান ও নকশা পাচ্ছেন। এমনকি ভূমি উন্নয়ন কর প্রদান এবং নামজারিও (মিউটেশন) অনলাইনেই সম্পন্ন করা যাচ্ছে। এই সেবাগুলোকে আরও জনবান্ধব ও বিস্তৃত করতে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি, যা বর্তমানে চলমান রয়েছে এবং এর সুফলও আমরা দেখতে পাচ্ছি। ভূমি অফিসে গিয়ে সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হন, তা টেকসই সিস্টেমের মাধ্যমে ক্রমান্বয়ে দূর করতে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।