পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী,সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম অভিযোগ করেছেন,“বিএনপির প্রার্থীর লোকজন বিভ্রান্ত ছড়িয়ে সংখ্যালঘুসহ ঘোড়ার পক্ষের ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে,হুমকি দিচ্ছে। অবৈধ অস্ত্রের ঝনঝনাতিতে আমরা ও ভোটাররা আতংকিত। বিষয়টি সরকারের দেখা দরকার। তারপরও বিশ্বাস করি ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আমি সঠিকভাবে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।” গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্বতন্ত্র প্রার্থীর চাটমোহরস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সত্য তুলে ধরার অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে তাঁর সমর্থক চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন,“আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই আমি কোন বহিরাগতদের পক্ষে যাইনি,যাবোও না। আমি ঘোড়া মার্কার সাথেই আছি। আমাদের জয় সুনিশ্চিত হয়ে গেছে।পাবনা-৩ আসনের মানুষ বহিরাগতকে প্রত্যাখ্যান করেছে। ” তিনি অভিযোগ করেন,‘আমাকে পক্ষে নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। এতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার,অপকৌশল চালানো হচ্ছে। তারা জেনে গেছে,তাদের পরাজয় নিশ্চিত। তারা তিন নম্বরে চলে গেছে। পাবনা-৩ আসনে প্রতিদিনই বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে। হিন্দু ও ঘোড়া মার্কার পক্ষের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু আমরা আমাদের লক্ষে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।” তিনি প্রশাসনকে বহিরাগতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।